প্রথম করোনা টিকা নিলেন এলিসা-নেইল

২৪ এপ্রিল, ২০২০ ১৪:১৪  
নিজেদের তৈরি মহামারি করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করা শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম দিনে দুজনকে দেওয়া হয় এই টিকা। আর পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি অণুজীব বিজ্ঞানী এলিসা গ্রানাটো (৩২)। এর পর এই টিকা নেন ক্যান্সার গবেষক এডওয়ার্ড ও নেইল। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের জন্য ৮০০ স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়। তাদের মধ্যে ৪০০ জনকে দেওয়া হবে করোনার টিকা। আর বাকি ৪০০ জনকে দেওয়া হবে মিনিনজাইটিস (মস্তিস্কের ঝিল্লি প্রদাহ) টিকা। অবশ্য স্বেচ্ছাসেবকরা কেউ-ই জানছেন না যে কাকে কোন টিকা দেওয়া হচ্ছে। তবে ডাক্তাররা জানবেন কাকে কোন টিকা দেওয়া হচ্ছে। যা পরবর্তীতে ডাটা সংগ্রহে ব্যবহৃত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ টিকাবিদ সারাহ ক্যাথেরিন গিলবার্টের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানী মাত্র ৯০ দিনে তৈরি করেছেন করোনার এই টিকা। তারা এই টিকা করোনার বিরুদ্ধে কাজ করবে বলে ৮০ শতাংশ আশাবাদী।